ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর : জামালপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ এবং পরবর্তীতে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ মার্চ ) সকাল ১০টার দিকে শহরের পিটিআই মোড়ে 'জুই এন্টারপ্রাইজ' নামক তেলের দোকানের সামনে এই উত্তেজনা তৈরি হয়। তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই জুই এন্টারপ্রাইজের সামনে শতাধিক মোটরসাইকেল চালক তেলের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও দোকান মালিক তেল সরবরাহ বন্ধ রাখেন। এতে চালকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকায় রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা দোকানটি তল্লাশি করে মজুতকৃত তেলের সন্ধান পান। তেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির দায়ে ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ তাৎক্ষণিকভাবে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত থাকা তেল লাইনে দাঁড়ানো গ্রাহকদের মাঝে বিতরণের নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, “আমরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেছি। দোকান তল্লাশি করে কিছু তেল পাওয়া গেছে। গ্রাহক বেশি হওয়ায় দোকান মালিক আতঙ্কে বিক্রি বন্ধ রেখেছিলেন বলে দাবি করেছেন। বর্তমানে মজুত তেল বিতরণ করা হচ্ছে।”
জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মো. ইউসুপ আলী জানান, “কোথাও তেল মজুত করার সুযোগ নেই। জেলা প্রশাসন বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। আজ এই দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে এবং আমাদের এমন তদারকি ও অভিযান চলমান থাকবে।”
দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে জামালপুর-টাঙ্গাইল সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ