ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী : ফেনীর পাঁচগাছিয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ মার্চ ) রাত ১০টার দিকে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তেমুহনী বাজারের ‘আজাদ ট্রেডার্স’-এ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেমুহনী বাজারের ব্যবসায়ী ও ঠিকাদার মো. আজাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন যুবদল নেতা রিসাল হোসেন। রিসাল ওই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুর ভাতিজা এবং জাহাঙ্গীর হোসেনের ছেলে।
দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শুক্রবার রাত ১০টার দিকে রিসাল ও তার সহযোগীরা প্রথমে আজাদ ট্রেডার্সে হামলা ও ভাঙচুর চালায়। এতে বাধা দিলে ব্যবসায়ী আজাদকে মাথায় অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিজেদের আস্তানায় নিয়ে যায় তারা।
ব্যবসায়ী অপহরণের খবর ছড়িয়ে পড়লে তেমুহনী বাজারের ব্যবসায়ীরা এবং ক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত অভিযানে নামে এবং অপহৃত ব্যবসায়ী আজাদকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিসাল ও তার সহযোগীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়ার পর রাত ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, “অপরাধ ব্যক্তিগত বিষয়। এখানে চাচা-ভাতিজা কোনো ইস্যু নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।” অন্যদিকে জেলা যুবদলের সদস্যসচিব বরাত চৌধুরী দাবি করেছেন, রিসাল যুবদলের কোনো পর্যায়ের নেতা নন। তবে কেউ সংগঠনের নাম ভাঙিয়ে অপরাধ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ফৌুজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে। তবে মূল অভিযুক্ত রিসাল ও তার সহযোগীরা পলাতক রয়েছে। আজ শনিবার ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ