কমলগঞ্জে ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ

কমলগঞ্জে ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডানকান ব্রাদার্স পরিচালিত শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক স্কুলছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে হাসপাতাল এলাকা। ভুল চিকিৎসায় ঐশী রবিদাস (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ তুলে চা শ্রমিকরা হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ইনচার্জ পদত্যাগ করে পুলিশি পাহারায় হাসপাতাল ত্যাগ করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে এবং শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐশী রবিদাসকে গত বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) রাতে মাথা ব্যথা ও বমিজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, রাতে ভর্তির পর চিকিৎসকরা তাকে স্যালাইন ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুশ করেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কয়েক শ চা শ্রমিক বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ঘেরাও করেন। তারা হাসপাতালের ফুলের টব ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন এবং চিকিৎসকসহ স্টাফদের অবরুদ্ধ করে রাখেন। শ্রমিকদের দাবি, ছাত্রীর অবস্থা সংকটাপন্ন হলেও চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও রেফার করেননি এবং ভুল ইনজেকশনের কারণে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ি ও কমলগঞ্জ থানার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উত্তেজনা কমাতে হাসপাতালের ইনচার্জ আনোয়ারুল ইসলাম লিখিতভাবে পদত্যাগ করেন এবং পুলিশি হেফাজতে এলাকা ত্যাগ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আউয়াল এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। সহকারী পুলিশ সুপার জানান, "পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং হাসপাতালের ইনচার্জকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বাগানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা চলছে; সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক মো. জাকির হোসেন ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে বলেন, "ঐশীকে এক মাস আগেও এই হাসপাতালে আনা হয়েছিল এবং তখন তাকে সদর হাসপাতালে রেফার করা হয়েছিল। গত বৃহস্পতিবার আবারও অসুস্থ অবস্থায় আনা হলে যথাযথ চিকিৎসাই দেওয়া হয়েছে। এখানে কোনো ভুল চিকিৎসা হয়নি।"

বর্তমানে শমশেরনগর চা বাগান এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন