ভারতের কাছে ৩টি ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

ভারতের কাছে ৩টি ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজগুলোকে নিরাপদ চলাচলের সুবিধা (নিরাপদ প্যাসেজ) দেওয়ার বিনিময়ে ভারতের কাছে জব্দকৃত ৩টি তেলবাহী ট্যাংকার জাহাজ ফেরত চেয়েছে ইরান। 

জাহাজগুলো হলো— অ্যাসফেল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি। একই সঙ্গে ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর অনুরোধও জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত।

গত ফেব্রুয়ারি মাসে আরব সাগরের ভারতীয় জলসীমায় বিধিবহির্ভূতভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগে এই তিনটি ট্যাংকার আটক করেছিল ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড। বর্তমানে জাহাজগুলো মহারাষ্ট্রের মুম্বাই বন্দরে অবস্থান করছে। এর মধ্যে ‘স্টেলার রুবি’ জাহাজের মালিক ইরান নিজে, বাকি দুটি যথাক্রমে মালি ও নিকারাগুয়ার পতাকাবাহী।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী, সোমবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরান স্পষ্ট করে জানায় যে, হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তার বিনিময়ে এই ৩টি ট্যাংকার দ্রুত ফেরত দেওয়া হোক। এর পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে জীবন রক্ষাকারী ওষুধ ও মেডিকেল সামগ্রীও চেয়েছে তেহরান।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে কঠোর বিধিনিষেধ জারি করেছে ইরান। এই ১৫ দিনে অন্তত ১২টি ট্যাংকার জাহাজে হামলা চালানো হলেও কোনো ভারতীয় জাহাজে হামলা করেনি ইরান। বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ভারতীয় জাহাজগুলোকে বিশেষ ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত ভারতের ৪টি জ্বালানিবাহী জাহাজকে নিরাপদ প্যাসেজ দিয়েছে তেহরান।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন:

“এখানে কোনো রহস্য নেই। ইরানের সঙ্গে ভারতের যে দীর্ঘদিনের পারস্পরিক সুসম্পর্ক রয়েছে, এটি তারই প্রতিফলন।”

তবে জাহাজ ফেরত এবং ওষুধ পাঠানোর অনুরোধের বিষয়ে ভারত সরকার, ইরানি দূতাবাস কিংবা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন