ইসরায়েলের অস্ত্র উৎপাদন কেন্দ্রে ইরানের ড্রোন হামলা

ইসরায়েলের অস্ত্র উৎপাদন কেন্দ্রে ইরানের ড্রোন হামলা

ইসরায়েলের পুলিশ সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত রাফায়েল (Rafael) অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইসরায়েলের এই সাইবার কেন্দ্রটি দীর্ঘদিন ধরে দখলদার বাহিনীর গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে আসছিল। এছাড়া ইরানের বিভিন্ন জনবহুল এলাকায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহের অভিযোগও আনা হয়েছে এই কেন্দ্রের বিরুদ্ধে। প্রতিশোধমূলক এই হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান।

বিবৃতিতে আরও বলা হয়, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর কৌশলগত অস্ত্র উৎপাদন ভবন রাফায়েলে ড্রোন আঘাত হেনেছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষ আজ তৃতীয় সপ্তাহে পা রাখল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের নৌ-শক্তি ধ্বংস হয়ে গেছে, যার পাল্টা জবাবে তেহরান এই ভয়াবহ হামলার খবর সামনে আনল।

এই সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পুনরায় বৃদ্ধি পেয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আরও ভয়ংকর মোড় নিতে যাচ্ছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন