ঘোড়াঘাটে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগ

ঘোড়াঘাটে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগ

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা চত্বরে অবস্থিত পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেনের বিরুদ্ধে এক যুবক ও সাংবাদিকের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ৫-৬ জন গণমাধ্যমকর্মী এই আচরণের কারণ জানতে চাইলে তাঁদের ওপরও চড়াও হন ওই কর্মকর্তা। এর আগে গত রবিবার এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি সুলতান কবির ও ভুক্তভোগী প্রকাশ সাহাকে হেনস্তা করেন তিনি।

ভুক্তভোগী প্রকাশ সাহা জানান, তিনি কখনো ঋণ না নিলেও ব্যাংক থেকে একটি লিগ্যাল নোটিশ পাওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে সাংবাদিক সুলতান কবিরকে সাথে নিয়ে ব্যাংকে যান। মূলত তাঁর দাদার নামের পরিবর্তে ভুলে তাঁর নাম আসায় গ্রাহকসেবা সংক্রান্ত তথ্য জানতে চাইলে ব্যবস্থাপক হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন এবং উচ্চস্বরে গালিগালাজ শুরু করেন। সাংবাদিক সুলতান কবির এ ঘটনার প্রতিবাদ করলে ম্যানেজার তাঁকে 'দালাল' বলে সম্বোধন করেন। সোমবার পুনরায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ম্যানেজার আবারও তাঁদের সাথে অভদ্র আচরণ করেন।

এ বিষয়ে শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে তিনি দাবি করেন, ছেলের পরীক্ষার ফরম ফিলাপ নিয়ে দুশ্চিন্তায় থাকায় তাঁর মেজাজ ঠিক ছিল না। তবে এই ঘটনার ভিডিও ফুটেজ দেখে দিনাজপুর পল্লী সঞ্চয় ব্যাংক আঞ্চলিক অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে তাঁকে সতর্ক করা হবে এবং লিখিত অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তার এমন বিতর্কিত আচরণে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন