ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির

ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (১৭ মার্চ) দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এরপর দ্বিতীয় পর্বে বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দকৃত মিন্টো রোডের সরকারি বাসভবনেই এই আয়োজন করা হবে।

এর আগে, ঈদের দিন সকালে ডা. শফিকুর রহমান তার নিজ নির্বাচনী এলাকা (ঢাকা-১৫) মিরপুরের জনসাধারণের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের কুশল বিনিময় করবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন