মসিকের ৬৮৭ পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মসিকের ৬৮৭ পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মী। 

উপহার হিসেবে প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুরে নগরীর টাউন হল মোড় সংলগ্ন তারেক স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে উপহার তুলে দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব এস এম মিকাইল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম এবং প্রধান বর্জ্য কর্মকর্তা শিরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।

মসিক প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন তাঁর বক্তব্যে বলেন, নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মাঠ পর্যায়ে যারা নিরলস কাজ করেন, তাঁদের অনুপ্রাণিত করতেই প্রধানমন্ত্রী এই মানবিক উদ্যোগ নিয়েছেন। 

তিনি আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং মশামুক্ত নিরাপদ তিলোত্তমা নগরী গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি সকল কর্মীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং একটি সুন্দর ময়মনসিংগ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন