ইসলামী ব্যাংকের পর্ষদে পরিবর্তন: জলিলকে অপসারণ, নতুন পরিচালক আব্দুল হামিদ

ইসলামী ব্যাংকের পর্ষদে পরিবর্তন: জলিলকে অপসারণ, নতুন পরিচালক আব্দুল হামিদ

(ফাইল ছবি) ইসলামী ব্যাংকের নবনিযুক্ত স্বতন্ত্র পরিচালক এস এম আব্দুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক পদ থেকে মো. আব্দুল জলিলকে অপসারণ করে পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার এস এম আব্দুল হামিদকে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় এই রদবদল করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদে সদস্য হিসেবে যুক্ত হয়েছিলেন অপসারিত মো. আব্দুল জলিল।

নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে এস এম আব্দুল হামিদ জানান, ইসলামী ব্যাংকের আর্থিক স্বাস্থ্য কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেটিই তার প্রধান অগ্রাধিকার থাকবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু অগ্রাধিকারের বিষয় রয়েছে, যা ব্যাংকের বর্তমান সার্বিক চিত্র পর্যালোচনা করে নির্ধারণ করা হবে। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ব্যাংকটিকে একটি ভালো এবং স্থিতিশীল অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই নবনিযুক্ত পরিচালক।

অন্যদিকে, পরিচালনা পর্ষদের এই পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান খান জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন মনে করায় স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে। বিষয়টিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের রুটিন কাজের অংশ হিসেবেই উল্লেখ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন