ঈদযাত্রায় স্বস্তি: ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট নেই

ঈদযাত্রায় স্বস্তি: ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট নেই

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নামলেও এবার যাত্রা পথে কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। 

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল থেকে মহাসড়কের কড্ডার মোড়, নলকা ও হাটিকুমরুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উত্তরবঙ্গমুখী যানবাহনের ব্যাপক চাপ থাকলেও চলাচল ছিল স্বাভাবিক। বাস, ট্রাক ও মোটরসাইকেলের অবিরাম স্রোত সত্ত্বেও কোথাও স্থবিরতা তৈরি না হওয়ায় যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৫ হাজার ৬৫৪টি যানবাহন পারাপার হয়েছে, যেখান থেকে সর্বমোট ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে সেতুর পূর্ব প্রান্ত থেকে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা এবং পশ্চিম প্রান্ত থেকে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা আদায় করা হয়। যাতায়াত নির্বিঘ্ন করতে সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ঢাকা থেকে বগুড়াগামী যাত্রী ও চালকেরা জানিয়েছেন, বিগত বছরগুলোতে এই রুটে চরম ভোগান্তি পোহাতে হলেও এবার চিত্র ভিন্ন। গাবতলী থেকে ফেরা যাত্রী রুবেল জানান, বড় কোনো যানজট না থাকায় পরিবারের কাছে ফেরার আনন্দ দ্বিগুণ হয়েছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, যানবাহনের চাপ বাড়লেও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা মাঠে নিরলস কাজ করছেন। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের এই প্রধান যাতায়াত পথটি সচল থাকে।

মন্তব্য করুন