ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া): পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের হাজারো মানুষ। এ অঞ্চলের প্রবেশদ্বারখ্যাত বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও সৃষ্টি হয়নি কোনো দীর্ঘ যানজট। বড় ধরনের ভোগান্তি ছাড়াই স্বাভাবিক গতিতে দূরপাল্লার বাস ও ছোট যানবাহন চলাচল করায় যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মহাসড়কের বনানী এলাকা থেকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে এমন স্বস্তিদায়ক চিত্র দেখা গেছে। অতীতে এই সময়ে মোকামতলা, চন্ডিহারা ও মহাস্থান বন্দর এলাকায় তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো যাত্রীদের। তবে মহাসড়ক চার লেনে উন্নীত হওয়া এবং ওভারপাস নির্মাণের ফলে এবার সেই চিত্র পাল্টে গেছে।
ঢাকাগামী যাত্রী মাসুম বিল্লাহ জানান, আগে ঈদের সময় বাড়ি ফিরতে যেখানে ৭-৮ ঘণ্টা লাগত, এবার মাত্র সাড়ে ৪ ঘণ্টায় তিনি মোকামতলায় পৌঁছেছেন। বিসমিল্লাহ পরিবহনের চালক রবিউল ইসলামও একই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এখন পর্যন্ত রাস্তার অবস্থা খুবই ভালো। রংপুরগামী এসআর পরিবহনের সুপারভাইজার আরাফাত মন্ডল বলেন, ঈদের আগে মহাসড়ক এতটা ফাঁকা থাকবে তা কল্পনাও করা যায়নি।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, পুলিশ সুপারের নির্দেশে তারা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন যাতে কোনো যাত্রী হয়রানির শিকার না হন। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজার রহমান জানান, মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নির্দিষ্ট পয়েন্টে ইউ-টার্নের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যেকোনো জরুরি পরিস্থিতি বা দুর্ঘটনা মোকাবিলায় মহাসড়কে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ