গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাশের আত্মহত্যা

গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাশের আত্মহত্যা

মো: ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপা দাশ দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন।

গত ১৬ মার্চ (সোমবার) বিকেল ৪টায় বাগেরহাটের মোল্লারহাটে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি এই চরম পথ বেছে নেন। জানা যায়, ওইদিন ঝগড়ার পর দীপা তাঁর স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তাঁর স্বামী বাড়ির দারোয়ানের সহায়তায় দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।

দীপা দাশের অকাল প্রয়াণে তাঁর সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের বাংলা পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহপাঠীরা তাঁকে অত্যন্ত মেধাবী ও অমায়িক হিসেবে বর্ণনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আহসান সৌরভ জানান, দীপা তাঁর স্বামী ও দুই বছরের সন্তান নিয়ে মোল্লারহাটে থাকতেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হাসপাতাল থেকে আত্মহত্যার খবর পাওয়ার পর পুলিশ সেখানে পৌঁছায়। দীপার বাবার দায়ের করা অপমৃত্যু মামলার প্রেক্ষিতে ময়নাতদন্ত শেষে মরদেহ সৎকার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে তাঁর স্বামীর ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন