ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র ইসমাইল মুন্সীর (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টা পর সোমবার (১৬ মার্চ) রাত ১০টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাস্থলের অদূরে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত ইসমাইল মুন্সী উপজেলার দুয়াইর দরগা বাজার গ্রামের আসাদ মুন্সীর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে ইসমাইলসহ বেশ কয়েকজন কিশোর দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদীর ঘাটে গোসল করতে নামে। এসময় তারা ফুটবল নিয়ে খেলছিল। একপর্যায়ে ফুটবলটি স্রোতের টানে নদীর মাঝামাঝি চলে গেলে ইসমাইল সেটি আনতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা কিশোরদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা চালালেও তার কোনো সন্ধান পায়নি।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মাদারীপুর থেকে আসা ডুবুরি দলের সহায়তায় দুই দিনব্যাপী যৌথ উদ্ধার অভিযান চালানো হয়। তবে সোমবার সারাদিন চেষ্টা করেও ডুবুরিরা ইসমাইলের সন্ধান পেতে ব্যর্থ হন। অবশেষে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মাদ্রাসা ছাত্রের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন