জামালপুরে ৪০ পিস ইয়াবাসহ দুই ছাত্রদল নেতা আটক

জামালপুরে ৪০ পিস ইয়াবাসহ দুই ছাত্রদল নেতা আটক

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জামালপুর ডিবির ওসি আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার হাজরাবাড়ী পৌর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া দুইজন হলেন— উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হক। তবে তাদের সাথে আটক হওয়া অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ডিবি সূত্র জানায়, আটকের সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শিপলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

জামালপুর ডিবির ওসি আব্দুল কাইয়ুম জানান, আটক ব্যক্তিদের মধ্যে দুইজন ছাত্রদলের সক্রিয় নেতা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়াধীন রয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন