ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কোনো প্রকার অনিয়ম বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। তিনি স্পষ্ট করে বলেন, “দলের পরিচয় দিয়ে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সে আমার দলের যত বড় বা ছোট নেতাই হোক—আইনের ব্যত্যয় হলে ‘জিরো টলারেন্স’।”
বুধবার (৪ মার্চ) বিকেলে রাজনগর উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে সভায় এমপি নাসের রহমান প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় নেই। যারা চাঁদাবাজি করবে তাদের অপরাধী হিসেবে গণ্য করে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিতে হবে।”
অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “গায়ের জোরে বা পেশিশক্তি ব্যবহার করে কেউ যেন অবৈধ সুবিধা না পায়। বিশেষ করে ছাত্রদল-যুবদল পরিচয় দিলেই আগে তার পরিচয় ও বায়োডাটা যাচাই করতে হবে। বৈধ কাগজপত্র ছাড়া কেউ বালু উত্তোলন করলে ‘নো মার্সি’, তাৎক্ষণিক অ্যাকশনে যেতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী আগামী দুই মাসের মধ্যে চাঁদাবাজমুক্ত দেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে আপসহীন ভূমিকা পালন করতে হবে।
জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি বলেন, এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করাই একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে তিনি সমন্বিত উন্নয়ন করতে চান। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল রায়, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল মুকিত, বকসি মিছবাহুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সভা শেষে উপজেলা চত্বরে কৃষ্ণচূড়া ও আম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এম নাসের রহমান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ