সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর দস্যু আটক, মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর দস্যু আটক, মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার

মাসুম বিল্লাহ, বাগেরহাট: সুন্দরবনে দস্যুতা দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সুন্দরবন সংলগ্ন নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন বিসিজিএস মনসুর আলী’র নেভিগেশন কর্মকর্তা লেঃ কমান্ডার জামিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও নৌবাহিনীর সমন্বয়ে একটি বিশেষ যৌথ দল এই অভিযান পরিচালনা করে। আটক আফজাল সরদার খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা এবং দীর্ঘ দিন ধরে জাহাঙ্গীর বাহিনীর সাথে যুক্ত থেকে সুন্দরবনে ডাকাতি ও দস্যুতার সাথে জড়িত ছিলেন।

 আফজালকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুরে মোংলার পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় যৌথবাহিনী। সেখানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১টি শটগান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে সাঁড়াশি অভিযান শুরু হওয়ায় দস্যুরা আতঙ্কিত হয়ে অস্ত্রগুলো লুকিয়ে রেখে লোকালয়ে আত্মগোপন করেছিল।

আটক আফজাল সরদারের বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় এর আগে আরও ৫টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক তাঁকে কয়রা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ/সকালবেলা

মন্তব্য করুন