হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ
হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

শরিফ ওসমান হাদি-আব্দুল কাদের। ফাইল ছবি

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। এবার নিহত ওসমান হাদির সঙ্গে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পরিচয় ও ঘনিষ্ঠতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করে এক বড় প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

গত বুধবার (৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন।

ফেসবুক পোস্টে আব্দুল কাদের লিখেছেন, “ওসমান হাদি ভাই খুন হওয়ার পর থেকেই একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি—অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সঙ্গে হাদির পরিচয় কীভাবে হলো? মাত্র কয়েক মাস আগে অস্ত্র মামলায় জামিন পাওয়া আসামি মাসুদ কার থ্রু-তে (মাধ্যমে) হাদির এতো কাছাকাছি এলো?”

তিনি আরও লেখেন, “ইনকিলাব কালচারাল সেন্টারে হাদি ভাইয়ের সঙ্গে তাদের প্রাণবন্ত আলোচনা, একাধিক সময় তাঁর নির্বাচনি প্রচারে অংশগ্রহণ—এতোটা ক্লোজলি এনগেইজ (ঘনিষ্ঠ) করার পেছনে তো কেউ না কেউ হাদি ভাইকে তাদের ব্যাপারে অভয় দিয়েছেন, তাই না?”

আব্দুল কাদের তাঁর পোস্টে উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডের পরপরই জাতীয় দৈনিকগুলোও জুমা ও জাবের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন; কিন্তু রহস্যজনকভাবে তারা এই বিষয়ে তখন কোনো মুখ খোলেননি।

নিজের অভিজ্ঞতা টেনে কাদের আরও লেখেন, “আমার ক্ষেত্রেই বলি, ৫ আগস্টের পরে আমার আস্থাভাজন মানুষদের রিকমেন্ডেশনে (সুপারিশে) কিছু ব্যক্তির সঙ্গে নতুন করে পরিচয় হয়েছে, কাছাকাছি থেকেছে তারা। হাদি ভাইয়ের ক্ষেত্রেও তো স্বাভাবিকভাবে তা-ই হওয়ার কথা। তাছাড়া ঘটনার আগে অনেকেই নাকি তাকে সতর্ক করেছিল, সেই বিবেচনায় তো তিনি এসব ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করার কথা।”

হাদি হত্যার প্রকৃত রহস্য উন্মোচনের আশা প্রকাশ করে তিনি শেষাংশে লেখেন, “যাই হোক, জুমা-জাবের ভাই কিংবা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের এই বিষয়ে এবার মুখ খোলা উচিত। এই প্রশ্নের উত্তরে অনেক কিছু খোলাসা হবে।”

প্রসঙ্গত, গত বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে গুলি অপসারণ করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

মন্তব্য করুন