হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো— কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ গ্রামের সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। সম্পর্কে তারা আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে দুই ভাই-বোন একসঙ্গে খেলাধুলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। খেলাধুলার একপর্যায়ে তারা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের পুকুরে দুটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাদের পানি থেকে উদ্ধার করে ওপরে তুলে আনা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু দুটির মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ দুটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আপন দুই ভাই-বোনের এমন মর্মান্তিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনেরা।
এআইএল/সকালবেলা