অনলাইন ডেস্ক: নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নতুন এবং জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই নির্দেশনার আওতায় নির্দিষ্ট শ্রেণির আবেদনকারীদের এখন থেকে তাঁদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।
আজ শুক্রবার (৫ জুন) মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গুরুত্বপূর্ণ বার্তায় এই নতুন নিয়মের তথ্য নিশ্চিত করা হয়।
বার্তায় দূতাবাস জানায়, গত ৩০ মার্চ থেকে নতুন এই নিয়মটি কার্যকর করা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যথাযথভাবে যাচাই করা এবং আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করার সার্বিক প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যেই এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে স্বস্তির বিষয় হলো, এই বিশেষ নির্দেশনা সব অনভিবাসী ভিসা আবেদনকারীর জন্য প্রযোজ্য নয়। কেবল নির্দিষ্ট কয়েকটি ভিসা শ্রেণির মূল আবেদনকারী ও তাঁদের ওপর নির্ভরশীলদের (ডিপেন্ডেন্ট) জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।