পরিবেশ দিবসে বরিশালে শিক্ষার্থীদের সবুজ উৎসব

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ণ
পরিবেশ দিবসে বরিশালে শিক্ষার্থীদের সবুজ উৎসব

সাঈদ পান্থ, বরিশাল: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নানামুখী কর্মসূচি পালন করা হয়েছে। ‘শিক্ষার্থীদের হাতে হাতে সবুজ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রকৃতি ও জীবন ক্লাব বরিশাল এবং জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা।

দিবসটি উপলক্ষে নগরীর জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সচেতনতামূলক আলোচনা সভা, পরিবেশবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, প্ল্যাকার্ড প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া দুই শতাধিক শিক্ষার্থী পরিবেশ রক্ষায় নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সভাপতি প্রফেসর মফিজুর রহমান। ক্লাবের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা কবি সালেহ এম শেলী, কলেজের প্রিন্সিপাল সত্যজিৎ রায় এবং ভাইস প্রিন্সিপাল শারমিন স্বর্ণা।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— কলেজের সহকারী শিক্ষক সুমাইয়া বিনতে, ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌরব কর্মকার, সদস্য সাকিব উল হকসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্লাবের সাধারণ সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের কোনো বিকল্প নেই। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বক্তারা পরিবেশ সুরক্ষায় সরকারের পক্ষ থেকে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহŸান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব মানসিকতায় গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত এমন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্মের হাত ধরেই আগামীতে একটি পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন