ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করার কোনো ব্যক্তিগত আগ্রহ তাঁর নেই। তবে কোনো দ্বিপক্ষীয় চুক্তি চূড়ান্ত করার জন্য যদি প্রয়োজন হয়, সে ক্ষেত্রে সরাসরি আলোচনা বা বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ইরান প্রসঙ্গে এসব কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তেহরানের সমৃদ্ধ (এনরিচড) ইউরেনিয়ামের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ওয়াশিংটন সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।
একই সঙ্গে তিনি ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, কোনো হামলায় যদি মার্কিন সেনাসদস্যদের মৃত্যু হয়, তাহলে সেটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য যথেষ্ট কারণ বা ‘রেড লাইন’ হয়ে উঠবে।
ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তির বিস্তারিত তথ্য এখনই জানাতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, এই বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে এবং সঠিক সময় এলে জনগণ এর সব বিষয়বস্তু জানতে পারবে। তবে তিনি দাবি করেন, যেকোনো চুক্তির অংশ হিসেবে আন্তর্জাতিক সমুদ্রপথের গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সঙ্গে সঙ্গেই পুনরায় উন্মুক্ত করা হবে।
সরাসরি সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ট্রাম্প আরও বলেন, কূটনৈতিক বা সামরিক—যেকোনো পথেই হোক না কেন, শেষ পর্যন্ত এই সংকটে যুক্তরাষ্ট্রই সফল হবে।