ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের দ্রুত ও দৃঢ় পদক্ষেপ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতাবার্ষিকী উপলক্ষে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শাহবাজ শরিফ উল্লেখ করেন, পাকিস্তানকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম ছিল। ঐতিহাসিক সম্পর্ক স্মরণ করে তিনি বলেন, পাকিস্তানের স্বাধীনতার সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাতির জনক মুহাম্মদ আলি জিন্নাহকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে উপকৃত হয়ে আসছে, যার একটি বড় উদাহরণ হলো বিখ্যাত ‘টার্বেলা ড্যাম’ নির্মাণ। দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান চিত্র তুলে ধরে তিনি জানান, বর্তমানে ১০ লাখেরও বেশি পাকিস্তানি নাগরিক যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। একই সঙ্গে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্রের বাজারে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে তাদের রপ্তানি আরও বাড়াতে আগ্রহী। বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংকটময় মুহূর্তে দুই দেশ সবসময় একসঙ্গে কাজ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
গত বছরের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ টেনে শাহবাজ শরিফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপই মূলত যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় প্রধান সহায়কের ভূমিকা পালন করেছিল। দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখা এবং বড় ধরনের প্রাণহানি রোধে ট্রাম্পের এই অবদানের জন্য তিনি ব্যক্তিগতভাবে এবং দেশের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, ট্রাম্পের এসব উদ্যোগ এই অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
|