অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত বলেছেন, আগামী তিন দিনের মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আজ সোমবার (১ জুন) পবিত্র ঈদুল আজহার ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, ঈদের ছুটির আগে ঘটে যাওয়া এই ছয় শিশুর মৃত্যুর ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে তদন্ত করবে। শিশুদের মায়েদের বক্তব্য নেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় এনে এই তদন্ত প্রক্রিয়াকে আরও কার্যকর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে আরও বাস্তবভিত্তিক ও কার্যকর প্রতিবেদন তৈরির জন্য কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহের প্রয়োজন হয়েছে। ফলে আগামী ৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে এবং এরপর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। ঘটনার আইনি দিক পর্যালোচনার জন্য ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। তদন্ত সম্পন্ন হওয়ার পর আইন অনুযায়ী কঠোর ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিশুদের মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে কোনো ময়নাতদন্ত (পোস্টমর্টেম) না হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পোস্টমর্টেম করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল, তবে কোনো শিশুর অভিভাবকই এতে সম্মতি দেননি। তিনি স্পষ্ট করে বলেন, পোস্টমর্টেমের বিষয়ে অভিভাবকদের রাজি করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা কেউই এতে সম্মত হননি। এই সংবেদনশীল বিষয়ে জোর করে কিছু করতে গেলে নতুন সংকট তৈরি হতে পারতো।
এদিকে ঘটনার তদন্ত বর্তমানে চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্তের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।