অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ওপর পুলিশের হামলা, লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে আন্দোলনকারী গ্রাহকদের উত্থাপিত দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দলটি।
আজ সোমবার (১ জুন) দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা ও সমর্থন জানানো হয়। বিবৃতিটি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে ব্যাংকের স্বার্থ রক্ষা এবং নবনিযুক্ত বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হচ্ছে।”