অনলাইন ডেস্ক: ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে দলে রেখে আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আলজেরিয়া। ঘোষিত এই দলটির অধিনায়কত্ব করবেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক তারকা ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ।
বর্তমানে স্প্যানিশ ক্লাব গ্রেনাডায় খেলা লুকা জিদান আলজেরিয়ার স্কোয়াডে তিন গোলকিপারের একজন হিসেবে সুযোগ পেয়েছেন। এর আগে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলের হয়ে মাঠ মাতানো লুকা গত বছর থেকে তাঁর পূর্ব-পুরুষের দেশ আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলছেন। উল্লেখ্য, লুকা এবং তাঁর বাবা জিনেদিন জিদানের জন্ম ফ্রান্সে হলেও তাঁর দাদা-দাদি ছিলেন আলজেরিয়ান।
কোচ ভ্লাদিমির পেটকোভিচের ঘোষিত এই আলজেরিয়া দলে আরও জায়গা পেয়েছেন টটেনহামের সাবেক মিডফিল্ডার নাবিল বেনতালেব। এছাড়া গত জানুয়ারিতে চোটের কারণে আফ্রিকা কাপ অব নেশনসে মিস করা হুসেম আউয়ার এবং আমিন গুইরিকেও বিশ্বকাপের এই চূড়ান্ত স্কোয়াডে রেখেছেন কোচ।
বিশ্বকাপের সর্বশেষ দুটি আসরে কোয়ালিফাই করতে না পারা আলজেরিয়া এবার নিজেদের ইতিহাসের পঞ্চম বিশ্বকাপ খেলতে মাঠে নামবে। এবারের আসরে ‘জে’ গ্রুপে দলটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন লিওনেল মেসিদের আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আলজেরিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।