‘আত্মরক্ষার’ স্বার্থেই আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালায় ইরান

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ
‘আত্মরক্ষার’ স্বার্থেই আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সামরিক ঘাঁটি থেকে আসা হামলার জবাবে পাল্টা হামলা চালানো আন্তর্জাতিক আইনের আওতায় ‘বৈধ আত্মরক্ষা’ বলে দাবি করেছে ইরান। কুয়েতের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ ওঠার পর তেহরানের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যেসব দেশ তাদের ভূখণ্ড বা সামরিক সম্পদ অন্য দেশের বিরুদ্ধে আক্রমণে ব্যবহারের সুযোগ দেয়, আন্তর্জাতিক আইনে তাদের তা না করার বাধ্যবাধকতা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘রাষ্ট্রগুলোর প্রতিষ্ঠিত আইনগত দায়িত্ব রয়েছে যাতে তাদের ভূখণ্ড বা সম্পদ অন্য দেশের ওপর আক্রমণের জন্য ব্যবহার না হয়।’

এই ইরানি কর্মকর্তা আরও অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ বিষয়ে ‘একপাক্ষিক নৈতিক ক্ষোভ’ দেখাচ্ছে। তবে বাঘাই নির্দিষ্ট করে বলেননি যে তিনি ইউরোপীয় ইউনিয়নের ঠিক কোন বিবৃতির কথা বলছেন।

বাঘাই জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে। যেখানে বলা হয়েছিল— ইরান নাকি ‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ব্যবহার করছে, যা প্রতিবেশী দেশের ঘাঁটি থেকে চালানো হয়েছে’। এই ধরনের অবস্থানকে তিনি ‘ভণ্ডামি ও বেপরোয়া’ বলে অভিহিত করেন।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক বিভাগ কয়েক দিন আগে এক বিবৃতিতে কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। ইইউ তাদের বিবৃতিতে বলেছিল— ইরানের এসব হামলা কুয়েতের সার্বভৌমত্বকে সরাসরি লঙ্ঘন করে এবং সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

মন্তব্য করুন