দেশে হামে আরও ১২ শিশুর মৃত্যু; মোট প্রাণহানি ৪৫১

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
দেশে হামে আরও ১২ শিশুর মৃত্যু; মোট প্রাণহানি ৪৫১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১১১ জন। গত দুই মাসে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৬ জন এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ৮ জনেরই মৃত্যু হয়েছে সরাসরি হামের উপসর্গে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা কার্যক্রম জোরদার করা জরুরি। বিশেষ করে দুর্গম অঞ্চলের শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

মন্তব্য করুন