পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ণ
পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছেন, পাকিস্তানের বিশেষ অনুরোধ ও সৌজন্য রক্ষার্থে ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। চীন সফর শেষে ওয়াশিংটনের পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “অন্য কয়েকটি দেশের অনুরোধ থাকলেও বিশেষ করে পাকিস্তানের জন্যই আমরা এই যুদ্ধবিরতি করেছি।” তবে যুদ্ধবিরতি চললেও ট্রাম্পের সুর ছিল কঠোর। তিনি দাবি করেন, গত কয়েক সপ্তাহের সংঘাতে যুক্তরাষ্ট্র কার্যত ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তার ভাষায়, “আমরা মূলত তাদের সশস্ত্র বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছি।”

যুদ্ধবিরতি স্থায়ী কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ব্যক্তিগতভাবে আমি এতে খুব একটা আগ্রহী ছিলাম না। তবে আমাদের প্রায় এক মাসের একটি যুদ্ধবিরতি হয়েছে, আপনি একে সেই নামেই ডাকতে পারেন।” একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে ভবিষ্যতে ইরানে আবারও যুক্তরাষ্ট্রকে ‘কিছু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ’ করতে হতে পারে, যদিও এর বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র সংঘাতের পর এই যুদ্ধবিরতির খবর বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে ইরান বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন