মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া গ্রামে প্রধান সড়কটির বেহাল দশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। গ্রামের প্রধান এই যাতায়াতের পথটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, পাকুড়িয়া গ্রামের প্রধান সড়কটি উন্নয়নের মানচিত্র থেকে যেন হারিয়ে গেছে। কোথাও ইট উঠে গেছে, আবার কোথাও বড় গর্তে পানি জমে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী কাদার সমুদ্রে পরিণত হয়। এই দুই অবস্থার মাঝেই স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগের সাথে লড়াই করে চলতে হচ্ছে।
গ্রামের বাসিন্দা শাকিল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ছোটবেলা থেকে এই রাস্তার একই অবস্থা দেখে বড় হচ্ছি, কোনো পরিবর্তন নেই। উন্নয়ন শুধু আশ্বাসেই সীমাবদ্ধ।” এলাকাবাসীর অভিযোগ, পার্শ্ববর্তী এলাকাগুলোতে উন্নয়ন হলেও পাকুড়িয়া বারবার অবহেলিত থেকে যাচ্ছে। রোগী পরিবহন কিংবা কৃষিপণ্য বাজারে নেওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক জানান, সড়কটির অবস্থা সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং এলজিইডির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম বলেন, লিখিত আবেদন পেলে জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা