দেশে আবারও কমলো স্বর্ণের দাম; নতুন মূল্য তালিকা প্রকাশ

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
দেশে আবারও কমলো স্বর্ণের দাম; নতুন মূল্য তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

শুক্রবার (১৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই সারা দেশে এই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২,১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১,৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।

চলতি বছর এ পর্যন্ত দেশে মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে। তবে স্বর্ণের দাম কমলেও রূপার পূর্বনির্ধারিত দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫,৭৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৩,৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন