শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে একটি আম গাছ থেকে হাসমত ফকির (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সকালে স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত হাসমত নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসমত ফকির দুই সন্তানের জনক ছিলেন। শুক্রবার ভোরে স্বাস্থ্য কেন্দ্র চত্বরের একটি আমগাছে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে তাঁর স্বজনসহ এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমান। পরে বিষয়টি শাহজাদপুর থানায় জানানো হয়।
খবর পেয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ গাছ থেকে লাশটি নামিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ.আই.এল/সকালবেলা