মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ির উঠানের ওপর দিয়ে ধান মাড়াই মেশিন নিয়ে যেতে নিষেধ করায় মিনহাজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিবেশী।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের বাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিনহাজুল ওই গ্রামের মোকলেছুর প্রধানের ছেলে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মিনহাজুলের বাড়ির উঠান দিয়ে একই এলাকার শাহারুল প্রধান ধান মাড়াই মেশিন নিয়ে যেতে চাইলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহারুল ইসলামের দুই ছেলে রবিউল প্রধান (২৬), আব্দুল্লাহ প্রধান (১৯) ও স্ত্রী রেহেনা বেগম (৩৫) মিলে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে মিনহাজুলের মাথা ফেটে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
অভিযুক্ত রবিউল প্রধান দাবি করেছেন, "আমি ৩ মাস ধরে দুর্ঘটনায় পা ভেঙে বিছানায় পড়ে আছি। আমি নিজেই চলতে পারি না, মিনহাজুলকে মারব কীভাবে? তাঁর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।" তবে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হান জানান, মারামারির একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা