আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন ও ভেজাল কোমল পানীয় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পানীয় জব্দসহ কারখানার মালিককে এক বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে কারখানাটি সিলগালা করে দেয় প্রশাসন।
শুক্রবার (১৫ মে) কলাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন একটি ভাড়া বাসার নিচতলায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কাউছার হামিদ। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় তল্লাশি চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ৩,৭২০ পিস ভেজাল কোমল পানীয় "ড্রিংকোর" জব্দ করা হয়।
আইন অমান্য করে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানের মালিককে তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, "জনস্বাস্থ্যের সুরক্ষায় ভেজাল ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও এমন অবৈধ কারখানা গড়ে উঠলে তা প্রশাসনকে অবহিত করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ রইল।"
এ.আই.এল/সকালবেলা