আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ণ
আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণেই এ দেশের জনগণ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত সরকারের পরীক্ষামূলকভাবে চালু করা ফারাক্কা বাঁধ এখন বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

আগামীকাল ১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে আজ শুক্রবার (১৫ মে) দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বাণীতে তিনি দিনটির গুরুত্ব স্মরণ করে বলেন, আজ থেকে ৪৯ বছর আগে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিল।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার করার ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল আজ মরুভূমিতে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত তোয়াক্কা না করে ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে এই বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। কিন্তু সেই বাঁধ আজও অব্যাহতভাবে চালু থাকায় তা দেশের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বাণীতে মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, মাওলানা ভাসানী ফারাক্কা লংমার্চের মাধ্যমে বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে এনেছিলেন। তিনি মনে করেন, আজও ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইন ও কনভেনশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার করছে। এতে বাংলাদেশ নিষ্ফলা উষর ভূমিতে পরিণত হওয়ার আলামত ফুটে উঠেছে।

পরিশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৬ মে ১৯৭৬-এর সেই অকুতোভয় সাহসী পদক্ষেপ আজও জনগণকে যেকোনো অধিকার আদায়ে উদ্বুদ্ধ করে। তিনি ফারাক্কা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের কর্মসূচির সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন