গলাচিপায় মা-ছেলেসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
গলাচিপায় মা-ছেলেসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আবু নাইম হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের চৌদ্দকানি গ্রামের গুরিন্দা বাজার সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মিজানুর রহমান মিয়াজীর বসত ঘরে অভিযান চালিয়ে রোকেয়া বেগম (৪৭), তাঁর ছেলে মোঃ ইমন মিয়াজী (২৩), মোঃ শাকিল সর্দার (১৯) এবং মোঃ রিয়াজ মাহমুদ ইভানকে (২৫) গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রধান অভিযুক্ত ইমন ঢাকায় বাসের হেল্পার হিসেবে কাজ করার সময় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি নিজ এলাকায় মাদক কারবারির শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন, যেখানে তাঁর মা রোকেয়া বেগমও সরাসরি সম্পৃক্ত হন। এলাকায় ইমন মাদকের 'ডিলার' হিসেবে পরিচিত ছিলেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলান সিকদার জানান, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন