মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শামীম মৃধা নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার জিউধরা গ্রামে এই ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ অন্তত ২০ লক্ষ টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামীম মৃধার স্ত্রী সুমি বেগম জানান, জমি নিয়ে ইউসুফ মৃধার সাথে তাঁদের দীর্ঘদিনের বিরোধ ছিল। ঘটনার রাতে ইউসুফ মৃধার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সশস্ত্র বাহিনী তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা শামীম মৃধাকে জিম্মি করে ব্যবসা প্রতিষ্ঠানের ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এছাড়া খামারের ৪০০ হাঁস ও ৩৫০ মুরগি জবাই করে বস্তায় ভরে নিয়ে যায় এবং বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
ব্যবসায়ী শামীম মৃধা বলেন, "লুটপাট করে আমাকে আর্থিকভাবে নিঃস্ব করে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করায় আমরা চরম আতঙ্কে রয়েছি।" তিনি প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক হামলার বিচার এবং লুণ্ঠিত সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত ইউসুফ মৃধা লুটপাটের বিষয়টি অস্বীকার করে বলেন, পৈত্রিক জমিতে ঘর তোলা নিয়ে বিরোধের জেরে তাঁর ছেলে ও বন্ধুরা ঘরটি ফেলে দিয়েছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা