মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে হেলসিংকি মডেলে হাঁটছে সৌদি আরব

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে হেলসিংকি মডেলে হাঁটছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চিরপ্রতিদ্বন্দ্বী ইরানসহ আঞ্চলিক দেশগুলোকে নিয়ে একটি বিশাল ‘আগ্রাসনবিরোধী’ চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ১৯৭৫ সালের ঐতিহাসিক ‘হেলসিংকি অ্যাকর্ডস’-কে মডেল হিসেবে ধরে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের এই প্রস্তাবটি মূলত স্নায়ুযুদ্ধের সময় ইউরোপে উত্তেজনা কমানোর কৌশলকে অনুসরণ করছে। এই উদ্যোগ ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও বেশ কিছু ইউরোপীয় দেশের সমর্থন পেয়েছে। তবে ইরানের অন্যতম প্রধান দাবি—অঞ্চল থেকে মার্কিন সামরিক ঘাঁটি অপসারণ এবং ইসরায়েলের সম্ভাব্য বিরোধিতা এই চুক্তির পথে বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ জটিল। রয়টার্সের দাবি অনুযায়ী, গত মার্চে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানের ওপর বিমান হামলা চালিয়েছিল। তা সত্ত্বেও দীর্ঘস্থায়ী যুদ্ধের ভয়াবহতা এড়াতে রিয়াদ এখন কূটনৈতিক পথে সমাধান খুঁজছে। বিশেষ করে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে সৌদি আরব, যদিও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এই প্রক্রিয়ায় বিভক্তি তৈরি করছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র সাম্প্রতিক রিপোর্ট বলছে, যুদ্ধের পরও ইরানের সামরিক সক্ষমতা বিশেষ কমেনি। এই বাস্তবতায় দাঁড়িয়েই সৌদি আরব এই নতুন কৌশলগত চুক্তির মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে।

মন্তব্য করুন