আলীকদমে হামে ম্রো নববধূর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
আলীকদমে হামে ম্রো নববধূর মৃত্যু

ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপ্রং ম্রো (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এর ফলে ওই ইউনিয়নে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। নিহত সংপ্রং ম্রো ইউনিয়নের ভেওলা ম্রো পাড়ার বাসিন্দা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল সাকরুই ম্রোর সঙ্গে সংপ্রং ম্রোর বিয়ে হয়। চারদিন ধরে হামের উপসর্গ নিয়ে বাড়িতেই অসুস্থ ছিলেন তিনি। পরে ডায়রিয়া শুরু হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। দুর্গম এলাকা ও আর্থিক সংকটের কারণে সময়মতো তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। 

শুক্রবার (১৫ মে) সকালে অত্যন্ত গুরুতর অবস্থায় তাঁকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকাল ৭টা ৪০ মিনিটে সংপ্রং ম্রোকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডায়রিয়াজনিত জটিলতায় অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে, চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪ মিনিটের মাথায় অর্থাৎ সকাল ৭টা ৪৪ মিনিটে তাঁর মৃত্যু হয়। জরুরি চিকিৎসা প্রদান করা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

দুর্গম পাহাড়ি জনপদে হাম ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে চিকিৎসাসেবা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং জরুরি স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জোর দাবি জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন