আইটি ডেস্ক: ছবি ও ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য ‘ইনস্ট্যান্টস’ নামে সম্পূর্ণ নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বাছাই করা বন্ধু ও অনুসারীদের সঙ্গে এডিটিং ছাড়া সরাসরি ছবি শেয়ার করতে পারবেন, যা দেখার পরপরই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
মূল অ্যাপের পাশাপাশি নির্বাচিত কিছু দেশে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই ফিচারের জন্য আলাদা কম্প্যানিয়ন অ্যাপও চালু করা হয়েছে। ঝকঝকে বা ভারী এডিটিং করা ছবির চেয়ে বাস্তব মুহূর্তগুলোকে কোনো ফিল্টার ছাড়া শেয়ার করাই এই ফিচারের মূল উদ্দেশ্য। ব্যবহারকারীরা তাদের ‘ক্লোজ ফ্রেন্ডস’ বা কাছের বন্ধুদের সাথেই কেবল এই ছবিগুলো শেয়ার করতে পারবেন।
প্রাপক ছবিটি একবার দেখার পরপরই তা অদৃশ্য হয়ে গেলেও প্রেরকের জন্য এটি স্থায়ীভাবে মুছে যাবে না। ইনস্টাগ্রাম জানিয়েছে, প্রেরকের নিজস্ব প্রাইভেট আর্কাইভে এই ছবিগুলো সর্বোচ্চ এক বছর পর্যন্ত জমা থাকবে। এছাড়া ভুলবশত কোনো ছবি চলে গেলে তা দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য একটি ‘আনডু’ অপশনও যুক্ত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, স্ন্যাপচ্যাট বা বি-রিয়েলের মতো প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দেখে ইনস্টাগ্রাম এখন নিখুঁত ছবির চেয়ে ব্যক্তিগত ও সাময়িক যোগাযোগের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।