প্রযুক্তি সময় ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতা বদলে দিতে জিমেইল অ্যাপে ‘এআই ইনবক্স’ নামের একটি শক্তিশালী ফিচার যুক্ত করছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই ফিচারটি ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারীর মতো কাজ করবে, যা ই-মেইল ব্যবস্থাপনাকে করবে আরও দ্রুত ও সহজ। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে ‘গুগল এআই আলট্রা’ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
জিমেইল অ্যাপের নেভিগেশন বারে ‘মেইল’, ‘চ্যাট’ ও ‘মিট’-এর পাশে এই নতুন আইকনটি দেখা যাবে। এটি চালু করলে তিনটি বিশেষ সুবিধা পাওয়া যাবে ই-মেইল বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে একটি ‘করণীয় কাজের তালিকা’ তৈরি করে দেবে এআই। দীর্ঘ ই-মেইল চালাচালির মূল সারসংক্ষেপ মুহূর্তেই জানিয়ে দেবে। অপ্রয়োজনীয় মেইলের ভিড়ে জরুরি ও গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে সবার ওপরে প্রদর্শন করবে।
গুগলের মতে, সহকর্মীদের দ্রুত উত্তর দেওয়া, প্রজেক্টের অগ্রগতি যাচাই করা কিংবা ড্রাফট তৈরির কাজগুলো এখন আরও নিখুঁতভাবে করা সম্ভব হবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ইনবক্সে সময়ের অপচয় কমিয়ে সরাসরি কাজে মনোযোগ দিতে এই ‘এআই ইনবক্স’ একটি গেম-চেঞ্জার হিসেবে প্রমাণিত হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই পর্যায়ক্রমে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।