নিজস্ব প্রতিবেদক: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলোতে অপ্রয়োজনীয় ব্যয়ের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু প্রকল্পে যদি বিপুল পরিমাণ বাড়তি খরচ না হতো, তবে দেশের প্রতিটি ক্ষেত্রে আরও উন্নত ও ইতিবাচক কিছু করা সম্ভব হতো।
আজ সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। আমরা এই বাহিনীকে এমনভাবে গড়ে তুলতে চাই যা হবে সত্যিকার অর্থে জনবান্ধব। জনগণ কীভাবে সরকারকে মূল্যায়ন করে, তা অনেকটাই নির্ভর করে পুলিশের আচরণের ওপর।”
দুর্নীতি ও সন্ত্রাস দমনে পুলিশকে কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, বরং অপরাধীকে ব্যক্তি হিসেবে বিবেচনা করুন। পুলিশ বাহিনীকে বহুমুখী দক্ষ হতে হবে এবং দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।”
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করলে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হবে।