পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা হলেন মমতার বিশ্বস্ত শোভনদেব

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা হলেন মমতার বিশ্বস্ত শোভনদেব

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সংসদীয় নেতা এবং রাজ্য সরকারের বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন জ্যেষ্ঠ রাজনীতিবীদ শোভনদেব চট্টোপাধ্যায়। 

সোমবার (১১ মে) তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়।

তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত শোভনদেব চট্টোপাধ্যায় এবারের নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিজেপির প্রার্থী শতরূপা চট্টোপাধ্যায়কে ৬১ হাজার ৪৭৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ের মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে টানা ১০ বার নির্বাচিত হওয়ার বিরল রেকর্ড গড়েছেন। এর আগে অন্য কোনো প্রার্থী টানা এতবার জয়ী হতে পারেননি।

বিজেপির কাছে ক্ষমতা হারানোর পর এবারের নির্বাচনে ৮০টি আসন জিতে প্রধান বিরোধী দলের ভূমিকায় এসেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুর কেন্দ্রে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ায় এবার বিধানসভায় থাকতে পারছেন না। ফলে তাঁর অবর্তমানে দলের অভিজ্ঞ ও বিশ্বস্ত নেতা হিসেবে শোভনদেবকেই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।

১৯৪৪ সালে জন্ম নেওয়া শোভনদেব চট্টোপাধ্যায়ের রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল কংগ্রেসের মাধ্যমে। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার সময় থেকেই তিনি দলটির সঙ্গে যুক্ত। দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হওয়ার পাশাপাশি তিনি তৃণমূলের শ্রমিক সংগঠন ‘আইএনটিটিইউসি’র প্রতিষ্ঠাতা। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিজের জয়ী হওয়া ভবানীপুর আসনটি ছেড়ে দিয়ে তিনি তাঁর বিশ্বস্ততার প্রমাণ দিয়েছিলেন।

মন্তব্য করুন