দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘অপো এ৬সি’ (Oppo A6c) উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড অপো। দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত এআই (AI) ফিচারের সমন্বয়ে তৈরি এই ফোনটি এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে।
অপো এ৬সি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৭ হাজার মিলিপ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, এই ব্যাটারি অন্তত ৬ বছর পর্যন্ত টেকসই সেবা দিতে সক্ষম। এ ছাড়া এতে রয়েছে রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা, যার মাধ্যমে এই ফোনটি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে অন্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে।
ফোনটিতে আধুনিক এআই-চালিত ফটোগ্রাফি ফিচার যুক্ত করা হয়েছে। এর ‘এআই ইরেজার’ টুলের মাধ্যমে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু সহজে মুছে ফেলা যাবে। এ ছাড়া ‘এআই ক্লিয়ার ফেস’ ফিচারটি ছবির ডিটেইল ও পোর্ট্রেইটকে আরও নিখুঁত করে তুলবে।
গেমিংপ্রেমীদের জন্য ফোনটিতে সর্বোচ্চ ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) গতিতে টানা ৩ ঘণ্টা পর্যন্ত স্মুথ গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রেও এটি স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে।
ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউন—এই দুটি রঙে ফোনটি বাজারে এসেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা। ঈদ ক্যাম্পেইন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে ৯০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট গ্যারান্টি।
জান্নাত/সকালবেলা