আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত তিন দিনব্যাপী বেইজিং সফরে থাকবেন তিনি।
সোমবার (১১ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এই সফরের তথ্য নিশ্চিত করেছে।
২০১৭ সালের নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে চীন সফর করেছিলেন ট্রাম্প। এরপর আর কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফরে যাননি। ট্রাম্পের উত্তরসূরী জো বাইডেনও তাঁর পুরো মেয়াদে বেইজিং সফর করেননি। ফলে ট্রাম্পের এই সফরটি ৯ বছর পর চীনে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম পদার্পণ হিসেবে চিহ্নিত হচ্ছে।
ট্রাম্প এমন এক সময়ে এই সফরটি করছেন যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে। বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের এই বৈঠকের বড় অংশ জুড়ে থাকবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানো এবং এই সংকটের ভূ-রাজনৈতিক প্রভাব।
জানা গেছে, এই সফরের প্রাথমিক সূচি ছিল ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। কিন্তু সে সময় ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত চলায় সফরটি স্থগিত করেছিলেন ট্রাম্প। পরিস্থিতি কিছুটা থিতু হওয়ায় এখন তিনি বেইজিং যাচ্ছেন।
সফরে দুই বিশ্ব নেতার মধ্যে বাণিজ্য যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং দক্ষিণ চীন সাগরের উত্তেজনার পাশাপাশি বর্তমান বৈশ্বিক নিরাপত্তা সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।