গুলি করে ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
গুলি করে ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলী এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ১৯ লাখ টাকা ছিনতাই এবং কয়েকজনকে কুপিয়ে জখম করার মামলায় ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগ্নে আসাদুজ্জামান সাব্বির মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।

এর আগে মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নতুন জুরাইনের আলমবাগ এলাকা থেকে সাব্বির মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। বুধবার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানালে আসামিপক্ষ থেকে জামিনের প্রার্থনা করা হয়। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে এই মামলায় রবু মিয়া নামে অপর এক আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

গত ৬ মে বিকেলে কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ রেললাইন সংলগ্ন বাজারে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী, ব্যবসায়ী মো. হাসান প্রাইভেটকারে যাওয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার পথরোধ করে। তারা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। হামলাকারীরা হাসানসহ ৫-৭ জনকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে এবং গাড়ি থেকে ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী হাসান ৭ মে কদমতলী থানায় মামলা দায়ের করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন