নিজস্ব ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ডেপুটি স্পিকারের

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ণ
নিজস্ব ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ডেপুটি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (১৩ মে) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনাচার আমাদের জাতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিকে কেবল সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্যের একটি প্রতীক হিসেবে অভিহিত করেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, নেত্রকোনার দুর্গাপুর অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আরও সচেতন হওয়ার তাগিদ দেন।

এ সময় অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন