রংপুর প্রতিনিধি: রংপুরে চোর সন্দেহে এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে গণপিটুনি দেওয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও স্বজনরা।
বুধবার (১৩ মে) বিকেল পৌনে ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাজহাট মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদকারীরা জানান, গত মঙ্গলবার (১২ মে) সকালে নগরীর জিএল রায় রোড এলাকায় ফেরদৌস নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণকে মোটরসাইকেল চুরির সন্দেহে আটক করে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর করা হয়। নির্যাতনের শিকার ফেরদৌস মাহিগঞ্জ এলাকার একটি অটিজম স্কুলের শিক্ষার্থী এবং তার বাবা-মাও প্রতিবন্ধী।
মাহিগঞ্জ অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা মো. আব্দুর রহমান বাবুর নেতৃত্বে স্থানীয়রা তাজহাট মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কর্মসূচিতে অংশ নেওয়া তাজহাট এলাকার বাসিন্দারা এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ‘মব সংস্কৃতি’র অবসান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভুক্তভোগীর মামা শরীফ মিয়া বলেন, “আমার ভাগিনা শারীরিকভাবে প্রতিবন্ধী, সে ঠিকমতো মোটরসাইকেল চালাতেই পারে না। অথচ তাকে চোর আখ্যা দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে”।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাক প্রতিবন্ধী ফেরদৌসের ওপর নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
এ.আই.এল/সকালবেলা