কয়রায় ৯ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিতে

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ণ
কয়রায় ৯ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিতে

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): খুলনার উপকূলীয় জনপদ কয়রার দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। 

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এই তাগিদ দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও এনজিও 'জেজেএস'-এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, কয়রা একটি অতি দুর্যোগপ্রবণ এলাকা। সিডর, আইলা বা আম্পানের মতো ঘূর্ণিঝড় আমাদের শিখিয়েছে যে সঠিক প্রস্তুতির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। কাজের পুনরাবৃত্তি ও সম্পদের অপচয় এড়াতে তিনি এনজিওগুলোকে প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে 'চাহিদাভিত্তিক' কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির বলেন, কিছু এনজিও যথাযথ প্রশাসনিক নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকায় কাজ করার সময় স্থানীয় প্রশাসনের পরামর্শ গ্রহণ করা এখন থেকে বাধ্যতামূলক। সভায় জানানো হয়, বর্তমানে কয়রার প্রায় ৯ কিলোমিটার বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার বলেন, আশ্রয়কেন্দ্রগুলোর ধারণক্ষমতা পুনর্মূল্যায়ন করা জরুরি। শুধু মানুষ নয়, গবাদিপশুর নিরাপদ আশ্রয় এবং আশ্রয়কেন্দ্রে নারী-পুরুষের পৃথক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় জেজেএস-এর প্রতিনিধি জানান, তাদের ‘প্রস্তুতি’ প্রকল্পের মাধ্যমে গত দুই বছরে ১২ হাজারের বেশি পরিবারকে দুর্যোগ সহনশীল সহায়তা দেওয়া হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন