গোপালগঞ্জ প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি জোরদারের লক্ষ্যে গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসকের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ 'স্বচ্ছতা'য় এই সভার আয়োজন করা হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতির সর্বশেষ তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, সরকার ঘোষিত ইশতেহারের প্রধান কাজগুলোর মধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ, নারীর জন্য গাড়ি পরিষেবা, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং মাদকমুক্ত সমাজ গড়ার মতো জনকল্যাণমূলক কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়িত হচ্ছে।
জেলা প্রশাসক উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেলার সর্বস্তরের জনগণকে সরকারের এসব উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করার অনুরোধ জানান। একই সাথে কার্যক্রমগুলো আরও ত্বরান্বিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার সাহা, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সোলাইমান, জেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদসহ জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। সভায় বক্তারা ইশতেহারের বাকি কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা