দিরাইয়ে সংঘর্ষে আহত রতন মিয়ার মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ণ
দিরাইয়ে সংঘর্ষে আহত রতন মিয়ার মৃত্যু

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিএনপি ও যুবলীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে আহত রতন মিয়ার মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা ও আধিপত্য নিয়ে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত ও রফিক মিয়ার পক্ষের সাথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহদ্বীপের সমর্থকদের দীর্ঘদিনের বিরোধ ছিল। গত মঙ্গলবার (১২ মে) বিকেলে শাহদ্বীপকে প্রতিপক্ষের লোকজন মারধর করলে উত্তেজনা চরম আকার ধারণ করে। সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ৪০ জন আহত হন।

সংঘর্ষে গুরুতর আহত আল আমিন রতন মিয়া ও সোনাই মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে রতন মিয়ার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন